রাজশাহীর পুঠিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আনন্দ-উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা ও গ্রামীণ মেলাকে ঘিরে রাজবাড়ী চত্বরে দিনভর ছিল উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পুঠিয়া রাজবাড়ী চত্বরে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা ও আরতির মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শত শত ভক্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের রশি টেনে রাজবাড়ী মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করিয়ে রথ মন্দিরে নিয়ে যান। এ সময় বিশ্বশান্তি কামনায় প্রার্থনা এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এই রথযাত্রা উৎসব বিশ্বব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। নয় দিনব্যাপী উৎসব শেষে আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হবে।
ঐতিহাসিক পুঠিয়া মন্দির চত্বরের ১৩টি প্রাচীন মন্দিরের অন্যতম জগন্নাথ বা রথ মন্দিরটি ১৮২৩ থেকে ১৮৩০ খ্রিষ্টাব্দের মধ্যে পুঠিয়ার রাণী ভুবনময়ী দেবী নির্মাণ করেন বলে জানা যায়। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
রথযাত্রাকে কেন্দ্র করে পুঠিয়া রাজবাড়ী মাঠ, কলেজ মাঠ ও স্থানীয় বাজার এলাকায় বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। সেখানে গৃহস্থালি সামগ্রী, খেলনা, আসবাবপত্র, মিষ্টিসহ বিভিন্ন পণ্যের পসরা সাজান ব্যবসায়ীরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলাটি এক মিলনমেলায় পরিণত হয়। এছাড়া রথযাত্রা উপলক্ষে রাজবাড়ী চত্বরে হাজারো মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মন্তব্য