রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নুর আলম (১৯) ও রাইসা ওরফে সুরভী (১৯)। নুর আলম রাজপাড়া থানার হড়গ্রাম আশ্রয়কেন্দ্র এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কাশিয়াডাঙ্গা থানায় বসবাস করছেন। অপরদিকে রাইসা বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার আয়নালের মেয়ে।
কর্ণহার থানার দর্শনপাড়া এলাকার এক মুদি দোকান থেকে চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তৎপরতা বাড়ায়। আরএমপি’র কর্ণহার থানার ওসি মো: মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৩ আগস্ট রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার এসআই মো: আ: মতিনের নেতৃত্বে পুলিশ কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার করে। এরপর ২৪ আগস্ট ভোর সাড়ে ৪টায় মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে রাইসাকে গ্রেপ্তার করা হয়।
এসময় বাড়ি থেকে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া তারা জানায়, রাইসার স্বামী মো: ফাইসালও এ চুরির সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য