অসীম সরদার (৩৫) নামের এক সাপে কাটা রোগী সাপ নিয়ে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে হাজির হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন।
অসীম নলডাঙ্গার মোমিনপুর সরদারপাড়া গ্রামের দিনু সরদারের ছেলে।
রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে বিছানা থেকে নামার সময় ঘরের মেঝেতে পা দিতেই একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মেরে দ্রুত পাশের একটি গর্তে ঢুকে যায়।
তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তার পায়ে রক্ত দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে ঘরের গর্ত থেকে সাপটিকে বের করে খাঁচায় আটকে রাখেন তারা।
অসিমের পরিবার জানায়, চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন।
বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।
সদর হাসপাতালের নার্স জেসমিন আক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাবুব রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি এখন ভালো আছেন।’
মন্তব্য