নওগাঁর আত্রাই উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের বাসিন্দা মো. নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে গিয়ে বাড়ির পাশের একটি গাব গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তারা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য