পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে এক বগির চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ পর আগুন দেখা দিলে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। মেরামতের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ক্ষতিগ্রস্ত বগিটি বিচ্ছিন্ন করে রাখা হয়।
মাধনগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম জানান, ট্রেনের পরিচালক আগুনের বিষয়টি জানালে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। পরে ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে প্রায় তিন ঘণ্টা দেরিতে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মন্তব্য